লাইভে মহসিন খানের আত্মহত্যার ২০২টি লিংক সরিয়েছে বিটিআরসি
ফেসবুক লাইভে এসে ব্যবসায়ী আবু মহসিন খানের আত্মহত্যার দৃশ্য থাকা ২০২টি ভিডিও লিংক সরিয়ে ফেলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন- বিটিআরসি। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে এ তথ্য তুলে ধরেন বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব।
আদালতের রুলের শুনানিতে অংশ নিয়ে তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট বিষয়ে ২২৭টি লিংক চিহ্নিত করে বিটিআরসি। এর মধ্যে চিহ্নিত ২১১টির মধ্যে ১৯০টি লিংক ফেসবুক থেকে সরানো হয়েছে। ইউটিউবে ১০টি লিংক চিহ্নিত করে তার মধ্যে ৬টি ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। আর লাইকি ও টিকটক থেকে তিনটি করে ছয়টি লিংক সরানো হয়েছে।
এ সময় রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি ভিডিওগুলো অবিলম্বে অপসারণের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আরজি জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ।
শুনানি নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশে ছয় ঘণ্টার মধ্যে ওই ভিডিও ও স্থিরচিত্র সরাতে বিটিআরসিসহ তিন বিবাদীর প্রতি নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মহসিন খানের লাইভ ভিডিও ও স্থিরচিত্র সব ধরনের ছাপা ও ইলেকট্রনিক মিডিয়াসহ অন্য সব মাধ্যমে প্রচার ও প্রকাশ করা থেকে বিরত রাখতে বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে পদক্ষেপ জানিয়ে তিন কার্যদিবসের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। সেই সঙ্গে ৯ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন রাখা হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি আদালতে শুনানিতে ওঠে।